সাতক্ষীরা প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ , ৬:৩৪:৫৩ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জে নিজের মাছের ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কদমতলা বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস মোড়ল নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের নজরুল ইসলাম মোড়লের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে বৃষ্টির মধ্যে কদমতলা বিলে নিজস্ব মাছের ঘেরে কাজ করছিলেন কুদ্দুস। দুপুর ১২টার দিকে ঘেরের বেড়িবাঁধে টাঙানো বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন।
ঘটনাটি দেখে পাশে থাকা তাঁর ভাগনে আল আমিন বাড়িতে খবর দেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নলতা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ বর্তমানে নিজ বাড়িতে রাখা হয়েছে। মালয়েশিয়াপ্রবাসী বড় ভাই ইদ্রিস আলী দেশে ফেরার পর রোববার সকাল ১০টায় স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















