প্রচ্ছদ » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ২২ নভেম্বর ২০২৬ , ৯:২০:১৩প্রিন্ট
সংস্করণ
বাড়ি ফেরার পথে আর ঘরে ফেরা হলো না ১৮ বছরের তরুণ ফয়সাল আলীর। পরিবারের কাছে ফেরার সেই যাত্রাই কেড়ে নিল তাঁর প্রাণ। ঠাকুরগাঁওয়ে রেললাইন পারাপারের সময় মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এই কলেজছাত্র। মুহূর্তেই থেমে গেল তাঁর স্বপ্নময় জীবনের পথচলা।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশনের অদূরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল আলী সদর উপজেলার পূর্ব পারপুগী গ্রামের আলু ব্যবসায়ী মোহাম্মদ মানিকের ছেলে। তিনি স্থানীয় শিবগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন ফয়সাল। পথে শিবগঞ্জ রেলস্টেশনের অদূরে একটি রেলক্রসিং পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি ট্রেন তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে কাটা যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একটি দুর্ঘটনায় অকালে নিভে গেল সম্ভাবনাময় এক তরুণের জীবন। যে বয়সে বই-খাতা হাতে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই তাঁকে চলে যেতে হলো না ফেরার দেশে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।