ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাণীশংকৈল পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার (৫০), বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান রঞ্জু (৪০) এবং ছাত্রলীগের কর্মী আব্দুর রাজ্জাক (২৮)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাণীশংকৈল পৌর যুবদলের সিনিয়র সভাপতি মাহবুব আলম বাদী হয়ে শুক্রবার রাতে নাশকতার অভিযোগে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাদেব বসাক, পৌর আওয়ামী লীগ নেতা সাধন বসাক এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানাসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।