সারাদেশ

কলাপাড়ায় ২৫০ জন কার্ডধারী পেলেন সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য

  মিজানুর রহমান বুলেট,কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : ২৩ নভেম্বর ২০২৬ , ২:২৬:০৯ প্রিন্ট সংস্করণ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি’।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া হোটেল রুসাইবা সংলগ্ন মাঠে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম দিনে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২৫০ জন নিবন্ধিত কার্ডধারীর মাঝে এসব পণ্য বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের ১ নম্বর সদস্য ও শিথিল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসনাত রিমন শিকদার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব আরিফ সিকদার, সদস্য মো. রাসেল মোল্লা, শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. ফকরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কোম্পানি সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী ১০০ টাকার বিনিময়ে নিজ নামে একটি কার্ড সংগ্রহ করে নিবন্ধন করলে একজন গ্রাহক টানা দুই বছর এ সুবিধা পাবেন। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকার প্যাকেজে কার্ডধারীরা মোট ১৩ ধরনের নিত্যপণ্য কিনতে পারবেন।

পণ্যসামগ্রী গুলো হলো ২৫ কেজি চাল, ১ কেজি গরুর মাংস, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ২০০ মিলিলিটার সরিষার তেল ও ১ কেজি মোটা লবণ, ১২৫ গ্রাম সাবান, ২০০ মিলিলিটার শ্যাম্পু, ৫০০ গ্রাম লিকুইড ভিম, ১০০ গ্রাম টুথপেস্ট, ১ বক্স মশার কয়েল ও একটি বাটি।উদ্যোক্তাদের দাবি, একই পরিমাণ পণ্য খোলাবাজার থেকে কিনতে গেলে গ্রাহকদের অন্তত ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা বেশি খরচ হতো।

পণ্য নিতে আসা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিকুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, “বাজার থেকে এক বস্তা চাল কিনতেই ১২ থেকে ১৩শ টাকা লাগে, আর সচরাচর গরুর মাংস কেনা হয়ে ওঠে না। আজ কম দামে এসব কিনতে পেরেছি। তবে প্রসাধনী সামগ্রীর বদলে খাবারের আইটেম আরও বাড়ালে আমাদের মতো সাধারণ মানুষের জন্য বেশি সুবিধা হতো।

শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ শিকদার বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের বাজার খরচে কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। গ্রাহকদের ভালো সাড়া পেলে এ কার্যক্রম দীর্ঘমেয়াদে অব্যাহত থাকবে।”

প্রধান অতিথি মো. আবু হাসনাত রিমন শিকদার জানান, গত কয়েক মাস ধরে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৌরসভার তিনটি ওয়ার্ডে ২৫০ জনকে এ সুবিধা দেওয়া হলো এবং পর্যায়ক্রমে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সব বাসিন্দার কাছেই এ সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও খবর

Sponsered content