সারাদেশ

বনানীতে প্রয়াত যুবদল নেতার স্ত্রীর বাড়ি দখল ও হত্যাচেষ্টার অভিযোগ 

  স্বাধীন সরকার, ঢাকা ২৩ নভেম্বর ২০২৬ , ২:৩২:৩৫ প্রিন্ট সংস্করণ

রাজধানীর বনানী থানাধীন কড়াইলে প্রয়াত যুবদল নেতা লিটনের স্ত্রী রেশমি আক্তার-এর বসতবাড়িতে হামলা, প্রাণনাশের চেষ্টা এবং ‘আওয়ামী লীগ’ তকমা লাগিয়ে বাড়িঘর দখলের পাঁয়তারার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও দুই সন্তানের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বনানীর স্যাটেলাইট এলাকার ব্রিজ পার পশ্চিমপাড়ার ৩ নম্বর ইউনিটে দুই সন্তানকে নিয়ে বসবাস করেন রেশমি আক্তার। তাঁর দাবি, বিগত সময়ে তিনি রাজনৈতিক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন এবং তাঁর বিরুদ্ধে বনানী থানায় মামলাও (মামলা নং ০১(১১)২৩, জিআর নং ৪২৪/২০২৩) দায়ের করা হয়েছিল। এমনকি বনানীর সাবেক কাউন্সিলর আব্দুল আলিম নকির নাশকতার মামলার আসামি প্রয়াত যুবদল নেতা লিটনের স্ত্রী হওয়া সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘আওয়ামী লীগ’ তকমা দেওয়ার চেষ্টা করছে।

সংশ্লিষ্ট সূত্র ও দলীয় নথিপত্র অনুযায়ী, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর গঠিত বনানী থানা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটিতে (১২ নম্বর ক্রমিকে) প্রচার সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেন রেশমি আক্তার। ওই কমিটির নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর মহিলা দলের নেত্রী রুনা লায়লা।

ভুক্তভোগী রেশমি আক্তার আক্ষেপ করে বলেন, মামলা ও নির্যাতন সহ্য করার পরও কথিত সুবিধাবাদী চক্রের হাত থেকে তিনি রক্ষা পাচ্ছেন না। কয়েকটি ছবিকে পুঁজি করে কতিপয় নেতা তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাঁর বেঁচে থাকার শেষ সম্বল বসতবাড়িটি দখল করতেই এই অপপ্রচার ও নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৯ নভেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কিছু না জানিয়ে প্রায় ৬০ জনের একটি দল তাঁকে হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে হামলা চালায়। রেশমি আক্তারের দাবি, হামলার পুরো ঘটনা ভিডিও ফুটেজে সংরক্ষিত রয়েছে, অথচ এ বিষয়ে বনানী থানা পুলিশ কিছুই জানে না। এলাকায় এ ধরনের মব সৃষ্টি করে একটি চক্র সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

এ অবস্থায় ভিডিও ফুটেজ যাচাই করে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং নিজের ও দুই সন্তানের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন রেশমি আক্তার। পাশাপাশি ভুক্তভোগী পরিবার এই সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছে।

আরও খবর

Sponsered content