প্রতিনিধি ২০ মে ২০২৬ , ১:০৯:৪৪ প্রিন্ট সংস্করণ
ইরানের বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান এবং এর সঙ্গে যুক্ত বেশ কয়েকটি ছায়া কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।
মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
যুক্তরাষ্ট্র বলছে, ইরানের একটি বড় মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান এবং তার সহযোগী নেটওয়ার্ক বিভিন্ন দেশের মাধ্যমে আর্থিক লেনদেন পরিচালনা করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও হংকংয়ের একাধিক কোম্পানি রয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ইরানভিত্তিক একটি প্রতিষ্ঠান এবং তার সহযোগী নেটওয়ার্ককে, যাদের বিরুদ্ধে শত শত মিলিয়ন ডলারের আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
পাশাপাশি ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পরিবহনকারী ১৯টি জাহাজকেও নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বিভিন্ন দেশের পতাকাবাহী ট্যাঙ্কারও রয়েছে, যা ইরানি তেল ও রাসায়নিক পণ্য বিদেশি বাজারে পরিবহন করছিল বলে দাবি করা হয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগের মতে, এই ধরনের ছায়া ব্যাংকিং ব্যবস্থা ইরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার পেতে এবং নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ লেনদেন চালাতে সহায়তা করছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘এই নেটওয়ার্ক সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নে ব্যবহৃত হচ্ছে এবং যুক্তরাষ্ট্র তা ধ্বংসে কাজ করছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইরানের এ ধরনের কৌশল সম্পর্কে সতর্ক থাকতে হবে।’
যুক্তরাষ্ট্রের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর জানায়, ‘নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চীন, হংকং ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একাধিক কোম্পানি রয়েছে, যারা ইরানি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে কাজ করছিল।’
নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠান ও জাহাজের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক নিষিদ্ধ থাকবে।




















