অপরাধ

নওগাঁয় ‘প্লাটিনাম কয়েন’ প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  নওগাঁ প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ , ৮:২১:৫৫ প্রিন্ট সংস্করণ


নওগাঁয় অমূল্য ‘প্লাটিনাম কয়েন’ বিক্রির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ভুয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার মোহাম্মদপুরের আজিজ মহল্লার মো. উজ্জ্বল (৪৭), ঝালকাঠির নলছিটির আল মামুন (৪৭), নারায়ণগঞ্জের ফতুল্লার দেলোয়ার (৪৮) এবং নওগাঁ সদরের দাসকান্দি এলাকার আবু সাঈদ (৩৪)।

পুলিশ সুপার জানান, সম্প্রতি দুজন ভুক্তভোগী অভিযোগ করেন, মূল্যবান কয়েন দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কয়েক দফায় মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। পরে কয়েন দেওয়ার কথা বলে বারবার স্থান পরিবর্তন করে সময়ক্ষেপণ করা হচ্ছিল। একপর্যায়ে আরও টাকা দাবি করলে বিষয়টি সন্দেহজনক মনে হয়।

এ প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের একটি হোটেল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরেকটি হোটেলে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা আবু সাঈদকে আটক করা হয়। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় কথিত দুটি প্লাটিনাম কয়েন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এ চক্রটি মূল্যবান ধাতব মুদ্রার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content