সারাদেশ

অসুস্থ শাকিল মিয়ার পাশে ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’, চিকিৎসায় ২০ হাজার টাকা অনুদান

  বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: ২১ মে ২০২৬ , ১১:৩৬:০৩ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের গুরুতর অসুস্থ ও চিকিৎসাধীন শাকিল মিয়ার পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’। সংগঠনের পক্ষ থেকে তার জরুরি চিকিৎসা ব্যয়ের জন্য নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা শাকিল মিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার ব্যয়বহুল চিকিৎসার খরচ বহনে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছিল।

শাকিল মিয়ার অসহায় পরিস্থিতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সহযোগিতার উদ্যোগ নেয় ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’। সংগঠনের উপদেষ্টামণ্ডলীর আর্থিক সহায়তা ও সার্বিক সহযোগিতায় জরুরি চিকিৎসা তহবিল গঠন করা হয়।

বুধবার সংগঠনের সভাপতি মো. কেফায়েত উল্লাহর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ শাকিল মিয়ার বাড়িতে গিয়ে তার মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় সংগঠনের সভাপতি মো. কেফায়েত উল্লাহ বলেন, “আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য সমাজের মানুষের যেকোনো সংকটময় সময়ে পাশে দাঁড়ানো। উপদেষ্টামণ্ডলীর আন্তরিক সহযোগিতা ও যুবসমাজের প্রচেষ্টায় আমরা শাকিল মিয়ার চিকিৎসার জন্য এই সহায়তা পৌঁছে দিতে পেরেছি। আমরা তার দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করছি।”

শাকিল মিয়ার মা এ মানবিক সহায়তার জন্য সংগঠনের উপদেষ্টা, সভাপতি ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি লিটন মিয়া, সাধারণ সম্পাদক মো. কাউসার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, অর্থ সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক জাহিদ মিয়া, সহ-দপ্তর সম্পাদক সাদিকুর রহমান সেলিম, কার্যকরী সদস্য মুবাশ্বির মিয়া, ওয়াহিদ মিয়া, মামুন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা।

আরও খবর

Sponsered content