সারাদেশ

আগৈলঝাড়ায় ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল, উৎসবমুখর পরিবেশ

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:২১:০৮ প্রিন্ট সংস্করণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ঐতিহ্যবাহী আস্কর কালীবাড়ি প্রাঙ্গণে ধানের শীষের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি জনসম্পৃক্ততার মিলনমেলায় রূপ নেয়।

যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজসেবক ও রাজনৈতিক সংগঠক ওহিদুজ্জামান নিলুর আয়োজনে অনুষ্ঠিত মিছিলে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আস্কর কালীবাড়ি এলাকায় এসে সমবেত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ধানের শীষ একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এ সময় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ ধানের শীষে ভোট দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, উন্নয়ন, সহাবস্থান ও নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা থেকেই তারা ভোটের সিদ্ধান্ত নিতে চান।

আয়োজক ওহিদুজ্জামান নিলু বলেন, “এই মিছিল প্রমাণ করে আগৈলঝাড়ার মানুষ ঐক্যবদ্ধ। দল-মত নির্বিশেষে সবাই একটি সুন্দর, ন্যায্য ও গণতান্ত্রিক ভবিষ্যতের পক্ষে অবস্থান নিচ্ছেন।”

স্থানীয়দের মতে, বাগধা ইউনিয়নে এ ধরনের বড় আয়োজন ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করেছে এবং সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতা আরও জোরদার করেছে।

আরও খবর

Sponsered content