সারাদেশ

‘আজকের দেশবিদেশ’-এর বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন টিপু

  মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি: ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ১১:১৭:২৪ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু ‘আজকের দেশবিদেশ’ পত্রিকার বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতা ও নিয়মিত সংবাদ প্রেরণে ধারাবাহিকতা বজায় রাখায় পত্রিকা কর্তৃপক্ষ তাঁকে এ সম্মাননা দিয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের অভিজাত হোটেল রয়্যাল প্যালেসের হলরুমে আয়োজিত পত্রিকার প্রতিনিধি সভায় জসিম উদ্দিন টিপুর হাতে ‘সম্মাননা স্মারক-২০২৬’ তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আনিছুর রহমান ইয়াহিয়া। পত্রিকার বার্তা প্রধান মোর্শেদুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠের অফিস প্রধান অ্যাডভোকেট তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস. এ. জাফর। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিজয় কুমার ধরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বার্তা সম্পাদক দীপক শর্মা দীপু, প্রধান প্রতিবেদক মাহবুবুর রহমান ও স্টাফ রিপোর্টার আব্দুল আলিম নোবেল।

প্রতিনিধি সভায় পত্রিকার বিভিন্ন উপজেলার স্টাফ রিপোর্টার, উপজেলা প্রতিনিধি, মাল্টিমিডিয়া প্রতিনিধি এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সাংবাদিক জসিম উদ্দিন টিপু মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি আজকের দেশবিদেশ পত্রিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এদিকে জসিম উদ্দিন টিপুর এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আরও খবর

Sponsered content