আন্তর্জাতিক

ইস্তাম্বুলে আলোচনায় বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৬:৩২ প্রিন্ট সংস্করণ

দীর্ঘদিনের কূটনৈতিক তিক্ততা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কা উপেক্ষা করে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার, ৬ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসি নিউজ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মিসর, কাতার, তুরস্ক ও ওমানের সক্রিয় কূটনৈতিক উদ্যোগ এবং মধ্যস্থতার ফলেই যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসানো সম্ভব হয়েছে।

এদিকে ইস্তাম্বুলের বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

অপরদিকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরব, মিসর ও তুরস্কসহ মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে ইরানের পরমাণু কর্মসূচি, যা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনার অন্যতম প্রধান বিষয় হয়ে রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং ভবিষ্যৎ কূটনৈতিক পথনকশা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও খবর

Sponsered content