নিজস্ব সংবাদ দাতা : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৩:৩৮ প্রিন্ট সংস্করণ
জাতীয় সংসদ নির্বাচনের একদিন পর ঝালকাঠির কাঁঠালিয়ায় জামায়াত সমর্থকের বাড়িতে হামলার অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নির্দেশ অমান্য ও নির্বাচনী সহিংসতার অভিযোগে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালামকে বহিষ্কার করা হয়।
শুক্রবার বিকেলে কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকনের স্বাক্ষরিত দলীয় প্যাডে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। একই দিন রাত ৯টার দিকে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল নিজ বাসার সামনে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান।
এর আগে শুক্রবার দুপুরে মিজানুর রহমান কালামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। তবে অভিযুক্ত নেতা দাবি করেন, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, “নোটিশ পাওয়ার পর জবাব দেওয়ার সময়সীমা ছিল একদিন। কিন্তু রাতেই বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত বহিষ্কারাদেশ হাতে পাইনি।”
রফিকুল ইসলাম জামাল জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয় এবং প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “দলের নাম ব্যবহার করে হামলা, চাঁদাবাজি বা অন্য কোনো অপকর্মে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু ও উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, নির্বাচন-পরবর্তী সহিংসতায় জামায়াত সমর্থিত প্রফেসর হারুন অর রশিদ, কামাল জোমাদ্দার, রিপন জোমাদ্দারসহ কয়েকজনের বাড়িঘর ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট এবং খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব অভিযোগের প্রেক্ষিতেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি অংশ তাৎক্ষণিক সাংগঠনিক পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, অভিযোগের পর দ্রুত ব্যবস্থা নেওয়া ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সহায়ক হবে।





















