সারাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি টিনের ঘর ভস্মীভূত

  কুড়িগ্রাম, প্রতিনিধি: ২৬ জানুয়ারি ২০২৬ , ৯:১৩:৪২ প্রিন্ট সংস্করণ


কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের তিনটি টিনের ঘরসহ প্রায় দুই লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাখাঁ মৌজার সওদাগরপাড়া এলাকায় শাহিন আলমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাজারহাট উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শাহিন আলমের শয়নঘরে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় পুরো বাড়ি প্রজ্জ্বলিত হয়ে ওঠে। এতে তার তিনটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি ঘরে রাখা নগদ পাঁচ হাজার টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামাল আগুনে ছাই হয়ে যায়। সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে মানবেতর জীবন যাপন করছে।

রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানির পাম্পের সুইচে শর্ট সার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও খবর

Sponsered content