সারাদেশ

কুমিল্লার লালমাইয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগ, সক্রিয় শক্তিশালী সিন্ডিকেট

  রবিউল হোসেন ৭ জানুয়ারি ২০২৬ , ৫:৩৬:৪২ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা জেলার লালমাই উপজেলার পেরুল ইউনিয়নের সাকরা বাজারে সরকারি নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে প্রকাশ্যে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, চেন্ডিঘাটকেন্দ্রিক একটি শক্তিশালী সিন্ডিকেট হোলসেল গাড়ির মাধ্যমে প্রতিটি গ্যাস সিলিন্ডার ১৫০০ টাকা করে পাইকারি দরে বিক্রি করছে, যা সরকারি মূল্যের তুলনায় অনেক বেশি।

স্থানীয় দোকানদার ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, নির্দিষ্ট সময় পরপর একটি গ্যাসবোঝাই ট্রাক সাকরা বাজারে প্রবেশ করে এবং সরাসরি দোকানদারদের কাছে হোলসেল দামে গ্যাস বিক্রি করে। এতে দোকানদাররা বাধ্য হয়ে বেশি দামে গ্যাস কিনছেন এবং পরবর্তীতে খুচরা পর্যায়ে আরও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ হলো— সাংবাদিক বা সংবাদ সংগ্রহের খবর পেলেই গ্যাসবাহী গাড়িটি দ্রুত বাজার এলাকা ত্যাগ করে পালিয়ে যায়। এতে পুরো কার্যক্রমটি পরিকল্পিত ও অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে স্থানীয়দের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

ঘটনাস্থলে টাঙানো পোস্টার ও বিজ্ঞাপনে সংশ্লিষ্ট গ্যাস ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যা সংযুক্ত ছবিতে দেখা যায়। স্থানীয়দের দাবি, এসব দৃশ্যমান প্রমাণ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

একাধিক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা সরকারি রেটে গ্যাস পাই না। গাড়ি থেকে যদি ১৫০০ টাকায় কিনতে হয়, তাহলে কম দামে বিক্রি করার সুযোগ থাকে না। পরে ভোক্তারা আমাদের দোষ দেন, অথচ মূল দোষ সিন্ডিকেট ও গাড়ির।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট প্রশাসনের নজর এড়িয়ে গ্যাসের বাজার নিয়ন্ত্রণ করে আসছে। এর ফলে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে এবং সরকার নির্ধারিত এলপি গ্যাসের মূল্য কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও সাধারণ জনগণ দ্রুত প্রশাসনিক তদন্ত, মোবাইল কোর্ট পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content