সারাদেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবি, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে ইসলামী আন্দোলনের সমাবেশ

  ফেনী প্রতিনিধি ৫ আগস্ট ২০২৬ , ১১:২৫:১৭ প্রিন্ট সংস্করণ

লোডশেডিং, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফেনীতে সমাবেশ ও গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে শহরের জহিরিয়া মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নূরুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আবদুর রহমান ফরহাদ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী।

সমাবেশে সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা নূরুল করীম বলেন, জনগণের মতামত উপেক্ষার পরিণতি কখনোই ইতিবাচক হয় না। তিনি দাবি করেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পেছনেও জনমতকে অগ্রাহ্য করার বিষয়টি ভূমিকা রেখেছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে আইনি জটিলতা বা রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য না দিয়ে জনগণের মতামতের প্রতি সম্মান জানানো উচিত।

তিনি আরও বলেন, জুলাই সনদে বিএনপিসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে এবং সেই সনদের ভিত্তিতেই ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করে গণভোট অনুষ্ঠিত হয়। তাঁর দাবি, নির্বাচনের আগে বিএনপি গণভোটের বিরোধিতা করেনি এবং বর্তমান প্রধানমন্ত্রীও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। বর্তমানে সংসদে গণভোটকে ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করাকে তিনি বিএনপির রাজনৈতিক অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, ভূতুড়ে বিদ্যুৎ বিল, ঘনঘন লোডশেডিং, তীব্র গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ সময় সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ ও সহিংসতার ঘটনাও আলোচনায় আসে। বক্তারা এসব ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশ ও গণমিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা হাফেজ রফিকুল ইসলাম ভুঁইয়া, সহসভাপতি মাওলানা মীর আহমাদ মীরু, জয়েন্ট সেক্রেটারি মুফতি কে এম বেলাল হোসাইন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন এম এ, অর্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল হালিম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সালাহউদ্দীন আইয়ুবী, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা মানসুর হাল্লাজ, কার্যনির্বাহী সদস্য মুফতি আবদুর রহমান গিলমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সেক্রেটারি মাকসুদুর রহমান মিয়াজী, ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মুহাম্মদ নাদের চৌধুরী।

আরও খবর

Sponsered content