সারাদেশ

গণভোট সামনে রেখে মেহেরপুরে আচরণবিধি প্রতিপালনে জেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা

  মেহেরপুর প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৫:১৩:৪২ প্রিন্ট সংস্করণ

আসন্ন গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একযোগে জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক তৎপরতা চালানো হয়েছে। এ উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শন, গণভোটের প্রচারণা, আচরণবিধি মনিটরিং এবং অবৈধ পোস্টার অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নে ভোটকেন্দ্র পরিদর্শন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন মনিটরিং এবং গণভোটের প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকার নেতৃত্বে মেহেরপুর পৌরসভার বামনপাড়া, কলেজ মোড়, ওয়াপদা মোড়, থানাপাড়া এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন মনিটরিং ও গণভোটের প্রচারণা চালানো হয়। এ সময় দেয়াল ও বিভিন্ন স্থাপনায় দুইটি রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারণামূলক পোস্টার পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আকতারের নেতৃত্বে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া, জালশুকা ও সানঘাট গ্রামে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন মনিটরিং ও গণভোটের প্রচারণা পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের প্রার্থীদের পোস্টার অপসারণ করা হয়।

অপরদিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের তেরাইল, দেবীপুর, রামনগর, বাদিয়াপাড়া ও নিশিপুরসহ একাধিক এলাকায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহোদয়ের সদয় নির্দেশনায় গণভোটের প্রচারণা চালানো হয় এবং বামন্দি ইউনিয়নের ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করা হয়।

এদিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল কবীরের নেতৃত্বে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রামে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন এবং গণভোটের প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে অবৈধ পোস্টার অপসারণ করা হয় এবং একটি রাজনৈতিক দলের প্রতীক দড়ি দিয়ে ঝুলিয়ে রাখার ঘটনায় তা অপসারণ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গণভোট নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content