সারাদেশ

চট্টগ্রামে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে আটক ৩ রোহিঙ্গা

  আবু হানিফ রানা, চট্টগ্রাম ব্যুরো ১১ মে ২০২৬ , ১০:১৩:৪৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় ভুয়া পরিচয়ে বাংলাদেশি পাসপোর্ট করার চেষ্টা করতে গিয়ে তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে এ ঘটনা ঘটে।

পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন নাজমুদ্দীন সাঈদ, মাইমুনা সাওদা ও মো. শাহাদাত। তারা ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি নাগরিক পরিচয়ে পাসপোর্টের আবেদন করতে আসেন।

অফিস সহায়ক সুরেশ ত্রিপুরা জানান, আবেদনপত্র জমা দেওয়ার সময় তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে কর্তব্যরত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা মিথ্যা পরিচয় ও ভুয়া তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করছিলেন।

ঘটনার পর বিষয়টি ডবলমুরিং মডেল থানাকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও খবর

Sponsered content