সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিসহ তিনজন গ্রেফতার

  মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার  ১৬ মে ২০২৬ , ১:৫৭:৪৫ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বি ও তাঁর অন্যতম সহযোগী সোহেলসহ তিনজনকে হেরোইন এবং বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে ) বিকালে ঢাকার শাহবাগ থানাধীন মৎস্য ভবন মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ার মৃত শহিদ আলীর ছেলে রাব্বি (২৬), একই পাড়ার মৃত মনিরুল ইসলাম মনির ছেলে সোহেল জিনজিরা (৩০) ও প্রফেসরপাড়ার সুমন আলীর ছেলে সুমিত আলিফ (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়: চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে সদর মডেল থানার একটি আভিযানিক চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহবাগ থানাধীন মৎস্য ভবন মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বারঘরিয়া ইউনিয়নের নীল কুঠির মাঠ সংলগ্ন ইট ভাটার পূর্বে বারঘরিয়া হতে গোয়ালবাড়ী যাওয়ার পাকা রাস্তার উত্তরে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে তল্লাশি করে ১৫০ গ্রাম হেরোইন ও ২ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি )একরামুল হোসাইন পিপিএম বলেন: সাংবাদিকদের ওপর হামলার পর জেলার বাইরে চলে যান রাব্বি ও সোহেল। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের গতিবিধি কয়েক দিন ধরে অনুসরণ করছিল পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ তাঁদের গ্রেফতার করতে সক্ষম হয়।বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
তিনি আরও জানান:বিস্ফোরক দ্রব্য,হেরোইনসহ তাঁদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছে ২ কেজি গান পাউডার ও ১৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
উল্লেখ্য যে গত ৩১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন তারেক রহমান ও তারেক আজিজ নামের দুই সাংবাদিক। ওই রাতেই সদর মডেল থানায় মো. রাব্বি ও সোহেলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে আসামি করে মামলা করা হয়।

আরও খবর

Sponsered content