হৃদয় রায়হান ২৭ ডিসেম্বর ২০২৫ , ৩:৪৬:৫২ প্রিন্ট সংস্করণ
জনস্বাস্থ্য ও জনপ্রশাসনে বিশেষ অবদান রাখায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. এ এম পারভেজ রহিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জান্নাত উল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা আক্তার এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফারহানা ফেরদৌস।
কবি ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. এ এম পারভেজ রহিম দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “কুমারখালী একটি অত্যন্ত প্রাচীন নগরী হলেও স্বাস্থ্যসেবাসহ অন্যান্য নাগরিক সেবা এখনও অপ্রতুল। সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলেও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডা. পারভেজ রহিম বলেন, কুমারখালী মিলনাগার ও স্বেচ্ছাসেবী সংস্থা একটি মহৎ কাজ করে যাচ্ছে। তাদের এ উদ্যোগকে উৎসাহ দিতেই তিনি কুমারখালীতে এসেছেন।
হাসপাতালের জনবল সংকট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনবল সংকট শুধু কুমারখালী নয়, দেশের বিভিন্ন এলাকাতেই রয়েছে। তবে এটি সাময়িক সমস্যা। আগামী বিসিএস পরীক্ষার মাধ্যমে নতুন নিয়োগ সম্পন্ন হলে এ সংকট অনেকটাই নিরসন হবে বলে আমি আশাবাদী।”




















