আইন-আদালত

জামিন পেলেন তানজিন তিশা

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ , ১:০০:১২ প্রিন্ট সংস্করণ

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় অভিনেত্রী তানজিন নাহার তিশার জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই জামিন মঞ্জুর করেন।

এদিন আদালতে হাজির হয়ে তিশা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানির শেষে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।

এর আগে বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, গত ১২ জুলাই তিশার বিরুদ্ধে সমন জারি করেন। একই সঙ্গে এদিন তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

২০২৫ সালের ৫ নভেম্বর একই আদালতে অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম এই মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, তানজিন তিশা বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। তিনি দীর্ঘদিন ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এর সুবাদে আসামি অ্যাপোনিয়ার অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করে নেন। যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা।

শাড়িটি তানজিন তিশার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর থেকে তানজিন তিশা নানা প্রকার ভয়েস মেসেজ এবং মেসেজ দিয়ে শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়া পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন।

মামলায় আরও বলা হয়, তানজিন তিশাকে পেজ কর্তৃপক্ষ বিভিন্নভাবে শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য নানা উপায়ে অনুরোধ করেন। তিনি গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও শাড়িটি পরিধান না করে, পেজ প্রমোশন না করে পেজ কর্তৃপক্ষের সঙ্গে গত ৬ মাসের বেশি সময় কোনো যোগাযোগ রক্ষা করেন নাই এবং ইচ্ছাকৃতভাবে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনোরূপ কথোপকথন থেকে বিরত রয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

বাদীর অভিযোগ, তানজিন তিশা প্রতারণা করে বিশ্বাসভঙ্গ করেছেন।মামলাটি আমলে গ্রহণ করে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে আদালত অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আরও খবর

Sponsered content