তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ২৯ নভেম্বর ২০২৫ , ১১:৪৪:২২ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের তামান্না ফ্যামিলি পার্কের সামনে এবং বিকালে হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শৈলকুপা উপজেলার বাহাদুরপুর গ্রামের নিয়ামত শেখের স্ত্রী কদে বেগম (৫০) এবং হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের হরিয়ারঘাটা গ্রামের রবজেল মৃধা (৫০)।
আরাপপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, ভাইয়ের মেয়ের বিয়ের দাওয়াতে যোগ দিতে কদে বেগম ঝিনাইদহ পৌরসভার চরমুরারিদহ এলাকায় গিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তামান্না ফ্যামিলি পার্কের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, “মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে।”
এদিকে বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার তেলটুপি ব্রিজ এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় রবজেল মৃধা (৫০) নামে এক কৃষক নিহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রবজেল মৃধা বাইসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, “ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
পৃথক দুটি এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সম্প্রতি ঝিনাইদহ ও আশপাশ এলাকায় বেপরোয়া যান চলাচলের কারণে দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।




















