সারাদেশ

ঝিনাইদহে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা, ইউপি কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ

  স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ২০ মে ২০২৬ , ৮:২৯:৪৩ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ও রাজনৈতিক বিরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্ড বিতরণে বাধা, ইউনিয়ন পরিষদে বিশৃঙ্খলা সৃষ্টি এবং পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি ভিজিএফ কার্ড বিতরণের প্রস্তুতি নেওয়া হয়। সেই অনুযায়ী মঙ্গলবার (১৯ মে) দুপুরে নির্ধারিত তালিকা অনুযায়ী কার্ড বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

অভিযোগ রয়েছে, কার্ড বিতরণ শুরুর আগেই বিএনপিপন্থি ইউপি সদস্য (মেম্বার) মিলন ও তার সমর্থকরা ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি করেন। এ সময় তারা অধিক সংখ্যক কার্ডের দাবি জানিয়ে বিতরণ কার্যক্রমে বাধা দেন এবং চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

চেয়ারম্যানের সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ মানুষকে উসকে দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে উত্তেজিত জনতার একটি অংশ চেয়ারম্যান আলতাফ হোসেনকে কক্ষ থেকে বের করে ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

এর ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, চেয়ারম্যান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে রাজনৈতিকভাবে দুর্বল করতেই পরিকল্পিতভাবে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে তারা মনে করছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মিলনের দাবি, প্রকৃত হতদরিদ্রদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের ভিজিএফ কার্ড দেওয়ার প্রতিবাদে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে।

মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, “সরকারি নিয়ম অনুসরণ করেই ভিজিএফ কার্ড বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছিল। একটি পক্ষ পরিকল্পিতভাবে ইউনিয়ন পরিষদে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”

ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “ভিজিএফ কার্ড বিতরণ ও ইউনিয়ন পরিষদে সৃষ্ট পরিস্থিতি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।”

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত নজরদারি শুরু করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। ঝিনাইদহে ফিরে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আরও খবর

Sponsered content