সারাদেশ

টঙ্গীতে গণঅধিকার পরিষদের কর্মশালা ও পান্তা ভোজ

  মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর: ১৪ এপ্রিল ২০২৬ , ৩:৩৫:৪২ প্রিন্ট সংস্করণ


গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় গণঅধিকার পরিষদের উদ্যোগে রাজনৈতিক কর্মশালা ও বাংলা নববর্ষ উপলক্ষে পান্তা ভোজ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় টঙ্গী বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি মোবারক হোসেন সরকার। প্রধান আলোচক হিসেবে তিনি সংগঠনের আদর্শ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা গণঅধিকার পরিষদের সভাপতি মোশতাক আহমেদ টুটুল সরকার এবং টঙ্গী পশ্চিম থানা গণঅধিকার পরিষদের সভাপতি কামরুল সরকার। তারা স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে দিকনির্দেশনা দেন এবং নতুন কর্মীদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান জাহিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন। তারা ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। নেতাকর্মীরা সংগঠনকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কর্মশালা শেষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পান্তা ভোজের আয়োজন করা হয়। এতে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পান্তা-ইলিশ, ভর্তাসহ দেশীয় খাবারের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়।

আয়োজকদের মতে, এ আয়োজন রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও সাংগঠনিক ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content