মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৬ অক্টোবর ২০২৬ , ৮:৪৬:২৩প্রিন্ট
সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া বেকুইয়া বাজার মসজিদের সামনে বালু স্তূপ করে রাখার পর ট্রাক্টরে করে বিভিন্ন স্থানে সরবরাহের অভিযোগ উঠেছে। এতে মুসল্লি ও পথচারীদের চলাচলে দুর্ভোগের পাশাপাশি ধুলাবালিতে পরিবেশ দূষণের অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ বেকুইয়া বাজার মসজিদের সামনের এলাকায় বিপুল পরিমাণ বালু স্তূপ করে রাখা হয়েছে। সড়কের পাশে বালু পড়ে থাকায় পথচারীদের চলাচলের জায়গাও সংকুচিত হয়ে এসেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্তূপ করে রাখা বালু বিভিন্ন সময় ট্রাক্টরে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বালুর উৎস ও মজুতের বৈধতা সম্পর্কে তারা নিশ্চিত নন। তবে প্রকাশ্যে মসজিদের সামনে বালু স্তূপ করে রাখায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বালু পরিবহনের সময় সড়কে বালু ছড়িয়ে পড়ায় ধুলাবালির সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ তাদের।
স্থানীয় বাসিন্দারা বলেন, জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ স্থানে এভাবে বালু স্তূপ করে রাখার কারণে মসজিদের মুসল্লি, বাজারের ব্যবসায়ী ও পথচারীদের ভোগান্তি হচ্ছে। প্রশাসনের উচিত ঘটনাস্থল পরিদর্শন করে বালুর উৎস ও বৈধতা যাচাই করা।
এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায় বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। অবৈধভাবে বালু মজুত বা পরিবহনের ক্ষেত্রে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও বলেন, অনুমোদন ছাড়া বালু উত্তোলন, মজুত বা পরিবহনের সুযোগ নেই। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।