সারাদেশ

থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু সুমাইয়ার পাশে দাঁড়ালেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান

  মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ১৭ মার্চ ২০২৬ , ৬:২৭:২৮ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৮ বছর বয়সী শিশু সুমাইয়া জান্নাত জারিনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গাড়িক্ষেত্র গ্রামে সুমাইয়ার বাড়িতে গিয়ে তিনি আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী তুলে দেন।

জানা গেছে, আট মাস বয়স থেকেই মরণব্যাধি থ্যালাসেমিয়ার সঙ্গে লড়াই করছে সুমাইয়া। সে ওই গ্রামের শাহিন আলমের একমাত্র মেয়ে। শাহিন আলম পেশায় কনস্ট্রাকশন সুপারভাইজার হিসেবে হবিগঞ্জে কর্মরত থাকলেও মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে এখন প্রায় নিঃস্ব। সুমাইয়ার দাদা আনিসুর রহমান স্থানীয় একটি মসজিদের ইমাম।

পরিবার সূত্রে জানা যায়, প্রতি মাসে সুমাইয়াকে নিয়মিত রক্ত দিতে হয়। ঢাকার থ্যালাসেমিয়া হাসপাতালে রক্ত প্রদান ও ওষুধ বাবদ মাসে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা ব্যয় হয়। দীর্ঘ সাত বছর ধরে এই খরচ বহন করতে গিয়ে পরিবারটির আর্থিক অবস্থা চরমভাবে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে জরাজীর্ণ ঘরে অতি কষ্টে দিনাতিপাত করছেন তারা।

সুমাইয়ার মা সানজিদা আক্তার সুমি বলেন, “আমার মেয়েটা ছোটবেলা থেকেই কষ্টে আছে। প্রতি মাসের খরচ জোগাড় করতে আমাদের হিমশিম খেতে হয়। আজ ফেন্সি আপা কিছু সহায়তা দিয়েছেন, এতে উপকার হয়েছে। কিন্তু পুরো চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা আমাদের পক্ষে সম্ভব নয়।”

দাদা আনিসুর রহমান বলেন, “মসজিদের ইমামতি করে যা আয় করি, তা দিয়ে নাতনির চিকিৎসা করব নাকি সংসার চালাব—বুঝতে পারি না। বিত্তবানরা এগিয়ে এলে হয়তো নাতনিটা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”

সম্প্রতি বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের একটি ভিডিওর মাধ্যমে সুমাইয়ার দুর্দশার কথা জানতে পারেন জামিলা আক্তার ফেন্সি। পরে তিনি মানবিক কারণে সুমাইয়ার বাড়িতে ছুটে যান।

সহায়তা প্রদান শেষে জামিলা আক্তার ফেন্সি বলেন, “অসহায় শিশু সুমাইয়ার পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই সহায়তা খুবই সামান্য। তবে আমাদের একটি পরিবহন ব্যবসা রয়েছে। ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে সুমাইয়ার পরিবারকে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ দেওয়া হবে।”

তিনি সমাজের বিত্তবানদের প্রতি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে স্থানীয় মহিলা নেত্রীবৃন্দ ও সুমাইয়ার স্বজনরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content