নওগাঁ প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১:০৩:৩৭ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাট এলাকায় পথচারীদের দুর্ভোগ নিরসনে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে। হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এই রাস্তা এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ রাস্তার উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, এলজিইডি’র সার্ভেয়ার এহতেসাম বিল্লাহ, কার্য-সহকারী মোজাহার আলী ও নাহিদ হোসেন, ইউপি সদস্য আব্দুল আলীম, শাহাদৎ হোসেন, কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে বিভিন্ন রাস্তা, কালভার্ট ও হাট-বাজারের উন্নয়ন করেছি। এরই ধারাবাহিকতায় সতীহাটের আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে, যা পথচারীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে।”
তিনি আরও যোগ করেন, “ভবিষ্যতেও এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”




















