স্টাফ রিপোর্টার, বগুড়া ৯ এপ্রিল ২০২৬ , ১০:৪২:৫৪ প্রিন্ট সংস্করণ
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৬ হাজার ৭৭২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসনের মোট ১৫০টি কেন্দ্রের ফলাফলে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীক নিয়ে পেয়েছেন ৫২৬ ভোট।
বগুড়া-৬ আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে নির্বাচিত হওয়ার পর তা শূন্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজাউল করিম বাদশা বলেন, “এই বিজয় গণতন্ত্রের বিজয় এবং তারেক রহমানের জনপ্রিয়তার প্রতিফলন।”
রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাত ১০টার দিকে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর কাছে শংসাপত্র হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।















