সারাদেশ

ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত

  হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি: ৩ জানুয়ারি ২০২৬ , ৭:২০:২৭ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গবদ্ধ হামলায় মো. আলী উজ্জামান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মাওলা হাবাসপুর গ্রামে। আহত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, আহত কনস্টেবল আলী উজ্জামান কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে কর্মরত। হামলার সময় তার মাথার ডান পাশের উপরের অংশে আঘাত লাগে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাওলা হাবাসপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক বহনের অভিযোগে স্থানীয় মাদক ব্যবসায়ী পলাশসহ তার সহযোগীদের আটক করতে গেলে তারা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল আলী উজ্জামান আহত হন।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) একরামুল হক জানান, আহত পুলিশ সদস্যের মাথায় আঘাত লেগেছে এবং সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরও খবর

Sponsered content