সারাদেশ

মন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করিনি: গয়েশ্বর

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ২:২২:২৬ প্রিন্ট সংস্করণ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৩ আসনে থেকে নির্বাচিত সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমি মন্ত্রী হওয়ার উদ্দেশ্যে নির্বাচনে অংশ নেননি; বরং সংসদে সাধারণ মানুষের কথা তুলে ধরাই আমার প্রধান লক্ষ্য। জীবনের বাকি সময় দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই।’

আজ শনিবার দুপুরে কেরানীগঞ্জে দক্ষিণ শাখা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৩ আসনের সংসদ সদস্য।

প্রশাসনের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবং কোনো ব্যক্তির প্রতি দাসত্ব করা চলবে না।’

এছাড়া দেশের স্বার্থ রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ—এসব সংগ্রাম দেশের গণতন্ত্র ও স্বাধীনতার ভিত্তি গড়ে দিয়েছে। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। গত ১৭ বছরে যারা নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করেছে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও অবমাননা করেছে।’ সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণের পথে দেশ এগিয়ে যাচ্ছে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিন সভায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ ঢাকা জেলা বিএনপি ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content