সারাদেশ

সিলেটের রাজনৈতিক সম্প্রীতি আরও জোরদার করা হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার(সিলেট) ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৮:০২ প্রিন্ট সংস্করণ

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের রাজনৈতিক সম্প্রীতি আমরা লালন করব, ধারণ করব এবং দিন দিন তা আরও বৃদ্ধি করব। সিলেটের জন্য যেসব উন্নয়নমূলক কাজ করা হবে, সেগুলো কোনো ব্যক্তির জন্য নয়—পুরো সিলেটবাসীর কল্যাণে।

তিনি বলেন, সিলেট–ঢাকা মহাসড়ক সংস্কার হলে কোনো ব্যক্তি নয়, বরং পুরো সিলেট উপকৃত হবে। সিলেট নগরীর পানির সমস্যা সমাধান হলেও এর সুফল ভোগ করবে সমগ্র নগরবাসী। তাই সবাইকে সঙ্গে নিয়েই সিলেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর ফুড প্যারাডাইজ রেস্টুরেন্ট-এ জেলা ও মহানগর বিএনপির আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণার সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং যে উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে, তা আগামী পাঁচ বছরে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলোর বাস্তব চিত্র আগামী দিনে স্পষ্টভাবে দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাণিজ্য মন্ত্রণালয়কে একটি চ্যালেঞ্জিং মন্ত্রণালয় হিসেবে উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। রমজানের ঠিক আগে দায়িত্ব গ্রহণ করা হলেও দেশে বিদ্যমান খাদ্য মজুদ ও ভোগ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। বিশেষ করে রমজানে ব্যবহৃত আমদানি-নির্ভর ভোগ্যপণ্যগুলো বর্তমানে স্থিতিশীল পর্যায়ে রয়েছে।

এ সময় তিনি বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর তদারকি আরও জোরদার করার কথা উল্লেখ করেন।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা হাবীবুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content