মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১ মার্চ ২০২৬ , ১১:১৬:৫০ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা-এর বাঘাসুরা ইউনিয়নের হরিতলা ও নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় রঘুনন্দন ছড়া থেকে দিন-রাত প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ড চললেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিনে এলাকায় ঘুরে দেখা যায়, রঘুনন্দন ছড়া-র একাধিক পয়েন্টে অবৈধ উত্তোলন কেন্দ্র গড়ে তুলে ড্রেজার ও শ্রমিকের মাধ্যমে নির্বিঘ্নে বালু তোলা হচ্ছে। উত্তোলিত বালু প্রথমে ছড়ার পাশের খোলা জায়গায় স্তূপ করে রাখা হয়, পরে ট্রাকযোগে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর এই চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয়দের দাবি, এই বালু লোপাট সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন হরিতলার হেলাল মিয়া, খলিল মিয়া ও শামীম মিয়া। তাদের সঙ্গে আরও ২০–২৫ জনের একটি সক্রিয় দল রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা জানান, চক্রটির ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করলে হুমকি ও নানাভাবে হয়রানির শিকার হতে হয়। প্রতিদিন এই ছড়া থেকে লাখ লাখ টাকার বালু লুটপাট হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
পরিবেশ সচেতন মহলের মতে, নির্বিচারে বালু উত্তোলনের ফলে ছড়ার স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হচ্ছে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়ছে এবং বর্ষা মৌসুমে ভয়াবহ নদীভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধ না হলে স্থানীয় কৃষিজমি ও বসতভিটা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে তারা সতর্ক করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, “রঘুনন্দন ছড়া থেকে বালু উত্তোলনের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তথ্য সংগ্রহ করছি। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।




















