সারাদেশ

মাধবপুর পৌরসভায় ৬ মাসে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৩ জুন ২০২৬ , ৪:১৭:১৫ প্রিন্ট সংস্করণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় ৬ মাসে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোহাম্মদ ইমরুল হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

পৌরসভা সূত্রে জানা গেছে, আগামী ছয় মাসে মাধবপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। কর্মসূচির আওতায় সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও জনসাধারণের ব্যবহার্য বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করা হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও খবর

Sponsered content