প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ১:৫৩:৫১ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পলাশ আলী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী কারারক্ষী নিহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ–রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের জুল্লুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ আলী মোটরসাইকেলযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় ভোলাবাজার এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, দুর্ঘটনার বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। ঘাতক বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে।
আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।




















