প্রচ্ছদ

মান্দায় ভারতীয় জাল রুপিসহ আটক আ’লীগ নেতা’র কারাগারে মৃত্যু

  মান্দা (নওগাঁ) প্রতিনিধি: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৩৩:১৫ প্রিন্ট সংস্করণ

নওগাঁ জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মারা যান তিনি।

নিহত ব্যক্তির নাম সিদ্দিক হোসেন মোল্লা (৪৫)। তিনি নওগাঁর মান্দা উপজেলার ৩নং পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে ও পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ভারতীয় জাল রুপি লেনদেনের সময় সিদ্দিক মোল্লা ও মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ। এর পর থেকে তারা দুজনেই নওগাঁ কারাগারে হাজতবাস করছিলেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, গত ৪ ফেব্রুয়ারি গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তার দু’জনকে ৩দিনের রিমান্ড নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে গত ১৩ ফেব্রুয়ারি তাদের দুজনকে আদালতের মাধ্যমে আবারও নওগাঁ কারাগারে পাঠানো হয়।

নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজতি সিদ্দিক মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে তাকে কারাগার হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালের মাধ্যমে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

মাহবুবুজ্জামান সেতু /এমআই

আরও খবর

Sponsered content