নওগাঁ প্রতিনিধি: ২৬ ডিসেম্বর ২০২৫ , ৮:৩৩:৩২ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে) নওগাঁ–রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় নিশ্চিত করা যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি চৌবাড়িয়া গরুর হাট থেকে সতীহাটের দিকে ফেরার পথে কুসুম্বা ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে চলন্ত একটি গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়েন। এ সময় নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি। দুর্ঘটনার পর ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।




















