বিনোদন

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ১২:৪২:৪০ প্রিন্ট সংস্করণ

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’- মাত্র পাঁচটি শব্দ ফেসবুকে শেয়ার করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। আর এই বাক্যগুলো দিয়েই তিনি বোঝাতে চেয়েছেন তার মনের কথাগুলো। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর সঙ্গে বিভিন্ন সময় অনেকেই তার সম্পৃক্ততা খুঁজেছেন। আবার কেউ কেউ যখন তাকে দোষী আখ্যা দিয়ে বিচার দাবি করছেন, ঠিক তখনই এমন বার্তা দিলেন এই অভিনেত্রী।

এদিকে সালমান শাহ হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত খল অভিনেতা ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে তোলা হলে জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিকে, সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় প্রেম ও বিতর্কের গুঞ্জনও ওঠেছে। কিন্তু এ নায়িকা সবসময় দাবি করেছেন, তাদের সম্পর্ক ছিল শুধুই ভাই-বোনের মতো। সম্প্রতি অভিনেতার মা নীলা চৌধুরী শাবনূরের সেই দাবিকে সমর্থন জানান। বলেন, আমার ছেলের সঙ্গে কখনোই প্রেম ছিল না শাবনূরের; অভিনেত্রীকে সবসময় নিজের বোনের মতো দেখতেন সালমান শাহ।

উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন সালমান শাহ। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন মৌসুমী। তারপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটিবদ্ধ হন সালমান শাহ। সিনেমাটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এই জুটি। এরপর মাত্র চার বছরের অভিনয় ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন অভিনেতা, এর মধ্যে ১৪টিতেই তার নায়িকা ছিলেন শাবনূর।

আরও খবর

Sponsered content