মেহেরপুর প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:২৮:২৪ প্রিন্ট সংস্করণ
মেহেরপুরে নিঃসন্তান এক গৃহবধূকে ধর্ষণের অপরাধে মোজা শেখ ওরফে মোজা কবিরাজকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত মোজা শেখ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর শেখপাড়ার মৃত হযরত আলীর ছেলে। ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় প্রদান করেন।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, নিঃসন্তান এক গৃহবধূ চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হন। এ রায়ের মাধ্যমে সমাজে ধর্ষণের প্রবণতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার চিতল গ্রামের এক নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে কবিরাজ মোজা শেখের কাছে চিকিৎসা নিতে আসেন। এ সময় চিকিৎসার নামে স্বামী ও স্ত্রীকে একটি কক্ষে নিয়ে গিয়ে স্বামীকে অজ্ঞান করে গৃহবধূকে ধর্ষণ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী দম্পতি ২০২১ সালের ৩ মার্চ মেহেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে মেহেরপুর সদর থানার তৎকালীন অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ্ দারা খান ২০২১ সালের ২৯ নভেম্বর কবিরাজ মোজা শেখকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্তকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী এবং রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন।





















