এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ৮ অক্টোবর ২০২৬ , ২:৩৯:২১ প্রিন্ট সংস্করণ
যশোর শহরতলির বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কের জায়গা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। সড়কের দুই পাশের সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় প্রধান সড়ক থেকে বিরামপুর গ্রামের ভাটাপাড়া পর্যন্ত সলিং রাস্তাটি কোথাও ৯, আবার কোথাও ১০ ফুটে সংকুচিত হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী ও এলাকাবাসীকে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার সংযোগস্থলের দুই পাশে সীমানাপ্রাচীর নির্মাণের কারণে মূল সড়ক থেকে ভাটাপাড়া সড়কে প্রবেশকারী কিংবা সলিং সড়ক থেকে মূল সড়কে ওঠা যানবাহন আগে থেকে দেখা যায় না। ফলে সেখানে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীদের ভিড় থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূল সড়ক থেকে ভাটাপাড়া পর্যন্ত সলিং রাস্তাটির সরকারি হিসেবে প্রস্থ প্রায় ১৬ ফুট। স্থানীয়দের দাবি, সড়কের দুই পাশের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা ও প্রাচীর নির্মাণের পর অনেক স্থানে রাস্তার প্রস্থ ৬ থেকে ৭ ফুট পর্যন্ত কমে গেছে। ফলে বড় যানবাহন ওই সড়কে প্রবেশ করতে পারে না। ভ্যান ও ইজিবাইক কোনো রকমে চলাচল করে।
ভাটাপাড়ার কয়েকজন বাসিন্দা বলেন, রাস্তার জায়গা দখল হয়ে যাওয়ায় সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এমনকি সড়কের পাশে ড্রেন নির্মাণের জায়গাও নেই। তাঁদের দাবি, দ্রুত দখল করা সরকারি জায়গা উদ্ধার করে সড়কটি চলাচলের উপযোগী করা হোক।
স্থানীয় বাসিন্দা ও নিউটাউন বাদশা-ফয়সাল হাইস্কুলের গণিত শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, “রাস্তার দুই পাশ দখল হওয়ায় চলাচল করতে খুব কষ্ট হয়। বড় গাড়ি ঢুকতে পারে না। ভ্যান ও ইজিবাইক কোনোরকমে চলাচল করে। প্রাচীরের কারণে সড়কের সংযোগস্থল থেকে যানবাহন দেখা যায় না। স্কুল ছুটির পর শিশুদের নিয়ে অভিভাবকদের উদ্বেগে থাকতে হয়।”
বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফারহাজ মাহবুব বলে, “স্কুল ছুটির পর রাস্তায় অনেক চাপ থাকে। মেইন রাস্তা থেকে ছোট যানবাহন ঢুকলে আগে থেকে বোঝা যায় না। তাই ভয় নিয়ে রাস্তা পার হতে হয়। রাস্তা দখলমুক্ত হলে আমাদের চলাচলে সুবিধা হতো।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা খাতুন বলেন, “ভাটাপাড়া সড়কের দুই পাশ দখল হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। কখন কোন শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়, সে আশঙ্কা আছে। সবার নিরাপত্তার স্বার্থে সরকারি রাস্তা দখলমুক্ত করা প্রয়োজন।”
সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহেল রানা বলেন, “সড়ক দখল করে প্রাচীর দেওয়ায় ওই এলাকার মানুষের অসুবিধা হচ্ছে। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের নিয়ে সবাই ভয়ে থাকেন। বিষয়টির সঠিক সমাধান হওয়া প্রয়োজন।”
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, “রাস্তাটি পরিদর্শন করব। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার হক বলেন, “বিষয়টি আমার জানা নেই। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”





















