সারাদেশ

রংপুরে যুবদল নেতা রাকিব হত্যা: প্রধান আসামি মমিন ও স্ত্রী গ্রেফতার

  মো. সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার: ১৪ এপ্রিল ২০২৬ , ৯:২৫:০২ প্রিন্ট সংস্করণ


রংপুর নগরীর কামাল কাছনা মাসুয়া পাড়া বাজারে মহানগর যুবদল নেতা ও জুলাই যোদ্ধা রাকিব (২০) হত্যার ঘটনায় প্রধান আসামি শীর্ষ মাদক কারবারি মমিন ও তার স্ত্রী বিউটি বেগমকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার রাত সাড়ে ১১টায় রংপুর র‍্যাব-১৩ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের শাহাপাড়া গ্রামে জনৈক রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে রাকিব হত্যা মামলার প্রধান আসামি মমিন ও তার স্ত্রী বিউটি বেগমকে গ্রেফতার করা হয়। মমিনের বাবার নাম মৃত মুসলিম উদ্দিন। তার বাড়ি রংপুর নগরীর রবার্টসনগঞ্জের তাতিপাড়ায়।

র‍্যাব আরও জানায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে যুবদল নেতা রাকিবের সঙ্গে মাদক ব্যবসায়ী মমিন ও তার স্ত্রী বিউটি বেগমের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে মমিন তার স্ত্রী ও সহযোগীদের নিয়ে রাকিবকে বাসা থেকে ডেকে এনে নগরীর কামাল কাছনা মাসুয়া পাড়া বাজারে কুপিয়ে হত্যা করে এবং ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় নিহত রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে র‍্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিন ও বিউটি বেগম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

প্রেস ব্রিফিং শেষে গ্রেফতার দুই আসামিকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। থানার ওসি আজাদ রহমান জানান, মঙ্গলবার তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

আরও খবর

Sponsered content