সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে শূন্যরেখায় মায়ের লাশ দেখে বিদায় জানালেন ভারতপ্রবাসী মেয়ে

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৬:২২:৩২ প্রিন্ট সংস্করণ

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগে ভারতে বসবাসরত এক মেয়ে শেষবারের মতো বাংলাদেশে থাকা মায়ের মুখ দেখতে পেরেছেন।

বার্ধক্যজনিত কারণে সোমবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের বাসিন্দা তারা বানু (৭৫) মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে ভারতে বসবাসরত তাঁর মেয়ে মালেকা বেগম বিএসএফের মাধ্যমে মায়ের লাশ শেষবারের মতো দেখার আবেদন জানান বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর কাছে।

বিষয়টি জানার পর মানবিক বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নেয় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। এর প্রেক্ষিতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৭৯/৩-এস সংলগ্ন শূন্যরেখায় তাঁকে মায়ের লাশ দেখার সুযোগ দেওয়া হয়।

সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৩৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি–বিএসএফ সদস্যদের উপস্থিতিতে শূন্যরেখায় আয়োজন করা হয় এই দেখার সুযোগের। সেখানে এসে মায়ের মুখ দেখে আবেগে ভেঙে পড়েন মালেকা বেগম। তিনি ও তাঁর স্বজনরা এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়ার জন্য বিজিবি ও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন,
“বিজিবি সব সময় মানবিক বিষয়ে সহানুভূতিশীল ভূমিকা রাখে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দিকগুলোকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করি।”

এই ঘটনাটি সীমান্তে মানবিক মূল্যবোধের এক অনন্য উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছে।

আরও খবর

Sponsered content