সারাদেশ

শীতের আগমনে সারিয়াকান্দির সাহাপাড়ায় কুমড়ো বড়ি তৈরিতে কর্মচঞ্চল নারীরা

  রাশেদ, স্টাফ রিপোর্টার: ১৭ নভেম্বর ২০২৫ , ৭:১৮:১৩ প্রিন্ট সংস্করণ


শীতের আগমনে বগুড়ার সারিয়াকান্দির সাহাপাড়া গ্রামে কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা ছড়িয়ে পড়েছে। আবহমান গ্রামবাংলার রান্নাঘরে জনপ্রিয় এই খাদ্য উপকরণ তৈরিতে এখন শতাধিক নারী শ্রমিক দিনভর কাজ করছেন। শীতকালই তাদের আয়-রোজগারের প্রধান মৌসুম।

সাহাপাড়ার নারীরা বংশ পরম্পরায় বড়ি তৈরির দক্ষতায় সুপরিচিত। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এবং বিকেল থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে বড়ি তৈরির কাজ। একজন শ্রমিক প্রতিদিন ৪ থেকে ১০ কেজি পর্যন্ত কুমড়ো বড়ি তৈরি করেন। একমাত্র মাষকলাই ব্যবহার করেই তৈরি হয় এই বড়ি। স্থানীয় চরাঞ্চলের পতিত জমিতে উৎপাদিত মাষকলাই সারাদিন ভিজিয়ে রেখে বিশেষ পদ্ধতিতে খোসা ছাড়িয়ে মিহি করে বড়ির মিশ্রণ তৈরি করা হয়। এরপর সাদা কাপড়ে ছোট ছোট আকারে সাজিয়ে রোদে শুকানো হয়।

সারিয়াকান্দির কুমড়ো বড়ির চাহিদা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে। মধ্যপ্রাচ্য, ভারত, মালয়েশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এই পণ্যটি। মান অনুযায়ী স্থানীয় বাজারে প্রতি কেজি বড়ি ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়।

স্থানীয় ব্যবসায়ী সুমন কুমার সাহা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে ১৮ থেকে ২০ লাখ টাকার বেচাকেনা হতে পারে। এই অর্থনৈতিক প্রবাহ গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে।

সাহাপাড়ার কুমড়ো বড়ি শুধু রসনাবিলাসী মানুষের প্রিয় খাবারই নয়; এটি স্থানীয় শত শত নারীর কর্মসংস্থানের মাধ্যম হয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। ঐতিহ্য ও অর্থনৈতিক সম্ভাবনার সমন্বয়ে এই শিল্প এখন সারিয়াকান্দির ‘উজ্জ্বল পরিচয়’ হিসেবে প্রতিষ্ঠিত।

আরও খবর

Sponsered content