সারাদেশ

সুন্দরবনে নৌকাডুবি: ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ আরও ৪

  সাতক্ষীরা প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৬ , ১১:২৩:১৬ প্রিন্ট সংস্করণ

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও চারজন এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যে মধু সংগ্রহের সময় মৌয়ালদের বহনকারী একটি নৌকা হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

ভাসতে ভাসতে পরদিন মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে চার মৌয়ালকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং লোকালয়ে আনার প্রস্তুতি চলছে।

অন্যদিকে নিখোঁজ রয়েছেন চার মৌয়াল। তারা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আকবর মোল্লা, ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল রহমান জানান, গত ১ এপ্রিল বৈধ পাস নিয়ে মৌয়ালরা সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পরপরই বন বিভাগের একটি দল উদ্ধার অভিযান শুরু করে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

এ ঘটনায় শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকে অবহিত করা হয়েছে।

আরও খবর

Sponsered content