সারাদেশ

হাওরে উচ্চ শব্দ ও অশোভন আচরণে বিব্রত পর্যটকরা

  আল-আমিন হাসান, নিকলী প্রতিনিধি ২ জুন ২০২৬ , ৮:২৭:৫৬ প্রিন্ট সংস্করণ

প্রাকৃতিক সৌন্দর্য ও হাওরের মনোরম পরিবেশের কারণে কিশোরগঞ্জের নিকলী বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে শত শত পর্যটক নিকলীর হাওর ও নদীপথ ভ্রমণে আসছেন।

তবে সম্প্রতি পর্যটন এলাকায় কিছু দর্শনার্থীর উচ্ছৃঙ্খল আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিকলী পুরান বাজারসংলগ্ন নদীপথে কয়েকটি পিকনিক নৌকায় একদল তরুণকে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে নাচ-গান ও হৈ-হুল্লোড় করতে দেখা যায়। এ সময় তাদের কিছু আচরণ অন্যান্য পর্যটকদের জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীপথে চলাচলকারী নারী দর্শনার্থীদের উপস্থিতিতে কয়েকজন তরুণের অশোভন আচরণে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা পর্যটকরা বিব্রত বোধ করেন।

স্থানীয়দের মতে, নিকলী হাওর দীর্ঘদিন ধরে একটি পারিবারিক ও শান্তিপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিবছর ঈদ, সরকারি ছুটি এবং বিভিন্ন উৎসব উপলক্ষে হাজারো দর্শনার্থী এখানে ভিড় করেন। কিন্তু কিছু ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন আচরণ পর্যটন এলাকার পরিবেশ ও সুনাম ক্ষুণ্ন করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

সচেতন মহল বলছে, পর্যটকদের জন্য নিরাপদ, সুস্থ ও পারিবারিক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য পর্যটন এলাকায় নিয়মিত তদারকি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

স্থানীয়দের দাবি, নিকলী হাওরের সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা ধরে রাখতে পর্যটক, নৌযান পরিচালনাকারী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।

আরও খবর

Sponsered content