বিনোদন

২৭ বছর পর…

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ১:০০:২৬ প্রিন্ট সংস্করণ

‘এত ছোট জনম নিয়া জগতে আসিয়া’ গানটি শোনেননি এমন মানুষ মেলা ভার। প্রায় ২৭ বছর আগে মুক্তিপ্রাপ্ত শাহ আলম কিরণ পরিচালিত ‘আসামি বধূ’ সিনেমার গান এটি। মিল্টন খন্দকারের কথায় এর সুর করেছিলেন প্রয়াত সংগীত পরিচালক আলম খান। আর গানটি কণ্ঠ দেন আঁখি আলমগীর।

দীর্ঘ অপেক্ষার পর আবারও একসঙ্গে গান করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও গীতিকার-সুরকার মিল্টন খন্দকার। গানটি নিয়ে তাদের মধ্যে ভিন্ন এক অনুভূতি কাজ করছে। কারণ এর মধ্যদিয়ে প্রথমবারের মতো মিল্টন খন্দকারের লেখা ও সুরে মৌলিক গানে কণ্ঠ দিলেন আঁখি। গানের শিরোনাম ‘জোড়া শালিক’।

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বৈঠকখানা’র জন্য তৈরি হয়েছে গানটি। সম্প্রতি অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেন মিল্টন খন্দকার ও আঁখি আলমগীর। সেখানেই রেকর্ড করা হয় গানটির অংশ বিশেষ।

এই গানের খবর জানিয়ে মিল্টন খন্দকার ফেসবুকে লিখেছেন, ‘এত দিন আঁখিকে দেখলেই বলতাম, তোমার সঙ্গে গানের কাজ করাটাই বাকি! এখন আর বলতে পারব না। আঁখি আমার কথা ও সুরে একটি গান গেয়েছে। যে মুহূর্তে আঁখি ভয়েস দিলো, আমার মরা গানের দেহে প্রাণ ফিরে এলো। মনে হলো, আমি একটি অসাধারণ গান করেছি।’

এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘মিল্টন খন্দকার ভাইয়ের লেখা ও সুরে বিটিভির বৈঠকখানা অনুষ্ঠানে গান গাইলাম। এটি মোটেও কোনো মরা গান নয়, বরং ভীষণ তরতাজা একটি গান। গাইতে পেরে আমি ভীষণ আনন্দিত।’

দর্শক-শ্রোতাদের জন্য নতুন এই গানটি শিগগিরই বিটিভির পর্দায় প্রচার হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও খবর

Sponsered content