প্রতিনিধি ৪ জুলাই ২০২৫ , ৪:১৪:৩৮ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, মাদারীপুর: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যে মাদারীপুরের শিবচরে শুরু হয়েছে ৭ দিনব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা-২০২৫। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম। এরপর অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত ফল ও চারা সম্পর্কে খোঁজখবর নেন।
এবারের মেলায় দেশি ও বিদেশি আম, কাঁঠাল, আখ, জামরুল, পেঁপে, পেয়ারাসহ নানা জাতের মৌসুমি ফল, ফলের বীজ ও চারা প্রদর্শন করা হয়েছে। এছাড়া কৃষকদের সচেতনতামূলক পোস্টার ও প্রযুক্তি সংবলিত স্টলও রয়েছে।
মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, দেশীয় ফলের চাষ বৃদ্ধি করে পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব। সকলকে বাড়ির আঙিনা ও ফাঁকা জায়গায় ফলজ গাছ রোপণের আহ্বান জানানো হয়।
আগামী ৭ দিনব্যাপী এই মেলায় প্রতিদিনই ফল প্রদর্শনী ছাড়াও থাকবে সচেতনতামূলক লিফলেট বিতরণ, ফলচাষ বিষয়ক পরামর্শ সেবা এবং স্থানীয় কৃষকদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনার আয়োজন।
মেলায় অংশগ্রহণ করে স্থানীয় কৃষক ও দর্শনার্থীরা জানান, এমন মেলার আয়োজন কৃষির প্রতি মানুষের আগ্রহ বাড়াবে এবং ফলচাষে উৎসাহ দেবে।




















