প্রতিনিধি ১ আগস্ট ২০২৫ , ২:০৩:২৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাতে সীমান্ত পিলার ২৫৬/৭-এস সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দিলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন।
পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইকবাল হোসেন সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকদের মধ্যে দুজন পুরুষ এবং আটজন নারী রয়েছেন। তারা হলেন—আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলী আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬) ও সুমন হোসেন (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে মহেষপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে।
জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মুম্বাই শহরে যান। পুরুষরা সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন এবং নারীরা গৃহকর্মে নিয়োজিত ছিলেন। একপর্যায়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা (সিআইডি) তাদের আটক করে।
পরে গত ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্প এলাকা থেকে বিএসএফ তাদের বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না করে সীমান্ত পিলার ২৫৬/৭-এস দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করে।
আটকদের বিষয়ে আইনি প্রক্রিয়া প্রবর্তন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।




















