ফ্যাশন

মাধবপুরে মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে সহপাঠী নিহত

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ২৬ আগস্ট ২০২৫ , ৫:১৯:৫৫ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে আরেক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের আলহাজ্জাহ ইয়ামিন ফয়সল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের পাশে শিক্ষার্থী মো. এহসানুল হক নাবিল (১৩) এর সঙ্গে সহপাঠী মোহাম্মদ আশরাফুল ইসলাম রাফি (৮)-এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাবিল রান্নাঘরের ছুরি দিয়ে রাফিকে একাধিকবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।

নিহত রাফি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের পুত্র। অভিযুক্ত নাবিল মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, অভিযুক্ত এহসানুল হক নাবিলকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও খবর

Sponsered content