সাঈদ ইবনে হানিফ ১৪ আগস্ট ২০২৬ , ১০:৩৯:০৬ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ তুলে নড়াইল থেকে প্রকাশিত ‘বিডি খবর’ পত্রিকার বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার খাজুরা ভাটার আমতলা এলাকায় মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পিটিএ কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক ও সহকারী শিক্ষক শুভাষ শর্মার বিরুদ্ধে হিন্দু ধর্মের শিক্ষক হয়ে অন্য বিষয়ে ক্লাস নেওয়া এবং প্রাইভেট বাণিজ্যের সিন্ডিকেট পরিচালনার যে অভিযোগ সংবাদে প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
বক্তারা বলেন, বিদ্যালয় ও শিক্ষকদের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো একটি কুচক্রী মহল প্রতিবেদকের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রকাশের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন দশম শ্রেণির শিক্ষার্থী মাইশা ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য রোজিনা খাতুন, অভিভাবক শর্মা রানী ও শিক্ষক জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্দবিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বর্ষণ হোসেন, সাধারণ সম্পাদক বাপ্পি হোসেন, এমএম কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকি মোজাহিদ রাফিসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।





















