মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২২ অক্টোবর ২০২৫ , ১২:৪৮:৫৮ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্প কলা একাডেমির যৌথ আয়োজনে ঐতিহাসিক নবাব সিরাজউদ্দৌলা মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদে ময়ূরাক্ষী মুক্তমঞ্চে মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় নবাব সিরাজউদ্দৌলা মঞ্চ নাটকটি শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চ নাটকটি উপভোগ করেন এবং সেরা অভিনেতা ও কলাকুশলীদের পুরস্কার প্রদান করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন।
মঞ্চ নাটকটিতে বিরামপুর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিল্প কলা একাডেমির অভিনয় শিল্পীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেন।
নবাব সিরাজউদ্দৌলা মঞ্চ নাটকটির উদ্যোক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন জানান, এক সময়ে গ্রাম বাংলার ঐতিহ্য ও বিনোদনের অন্যতম মাধ্যম মঞ্চ নাটক এখন বিলুপ্তীর পথে। দেশের মঞ্চ নাটকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতে যেন গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখা যায়, সেজন্য সকলকে উদ্বুদ্ধ করতেই আমাদের এই প্রচেষ্টা।
প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, বাংলার ইতিহাসের গৌরব ও বেদনার এক অবিস্মরণীয় অধ্যায়কে জীবন্ত করে তুলতে এবং সুস্থ বিনোদনের ধারা অব্যাহত রাখতে এই নাট্য আয়োজনের জন্য বিরামপুর উপজেলা প্রশাসন ও শিল্প কলা একাডেমিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে নাট্য আয়োজনের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।




















