মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ১ নভেম্বর ২০২৫ , ৩:৫৪:২৫ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ, পাতার বিড়ি ও মলম জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিষয়টি শনিবার (১ নভেম্বর) নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ৭৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস মলম জব্দ করে।
অন্যদিকে, মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং পাতার বিড়ি ও মলম চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অবৈধ পণ্য, গবাদিপশু ও মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”




















